মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে পাহাড়ি জাতিগোষ্ঠির মানুষের সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আদিবাসী সমাবেশ। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পাহাড়ি নারী-পুরুষরা ঐতিহ্যগত পোশাক, ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা পরে মিছিল ও শ্লোগান নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এর আগে বৃস্পতিবার সকালে আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা,সিএইসটি হেডম্যান নেটওয়ার্ক সহ-সাধারন সম্পাদক থোয়াই অং মারমা,পার্বত্য চট্রগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি শিশির চাকমাসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা আদিবাসীদের সংবিধানিক স্বীকৃতির দাবী জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এ অঞ্চলের আদিবাসী মানুষেরা স্বাধীনভাবে চলাচলে ও কথা বলাসহ সকল ক্ষেত্রে বিধি নিষেধের কারণে এক শ্বারুদ্ধকর অবস্থায় বসবাস করতে হচ্ছে। বক্তারা অবিলম্বে আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ আদিবাসীদের মৌলিক অধিকারগুলো মেনে নিতে সরকারে প্রতি আহবান জানান।

