জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে নাতীর মৃত্যুর খবর শুনে যাওয়ার পথে অটোরিকশা উল্টে নানি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের চন্ডিগড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালেমা খাতুন ওই উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে নাতির মৃত্যুর খবর পেয়ে দুর্গাপুর থেকে অটোরিকশায় কলমাকান্দার রামপুর গ্রামে যাচ্ছিলেন সালেমা খাতুন। চন্ডিগড়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে পাশের বিলে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে অটোর যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক সালেমা খাতুনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

