সময় সংবাদ ডেস্ক//
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের শেষ বিদায়ের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। বুধবার তার নিজের দেখানো স্থানেই সমাধিস্থ করা হবে এই গায়ককে।
গত ৬ জুলাই সন্ধ্যায় মারা যান এন্ড্রু কিশোর। এরপর থেকে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে। মৃত্যুর পর কী কী করতে হবে সব পরিকল্পনা নিজেই করে গেছেন। এখন চলছে তারই বাস্তবায়ন।
এন্ড্রু কিশোরের মৃত্যুর সময় তার দুই ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় ছিলেন। বাবার মৃত্যু সংবাদ শুনে দেশে ফিরেছেন তারা। কফিনে মোড়ানো বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।
এদিকে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার জন্য এন্ড্রু কিশোরকে নেয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। করোনার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাতিল করেছে।
বুধবার সকাল ১০টায় প্রথমেই রাজশাহী শহরের স্থানীয় চার্চে নেয়া হবে এন্ড্রু কিশোরের মরদেহ। এরপর তাকে নিয়ে আসা হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই সমাধিস্থ করা হবে তাকে।

