সময় সংবাদ ডেস্কঃ
করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশে গণটিকাদান কার্যক্রমের প্রথম দিনে ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে প্রায় ২৫ লাখ মানুষকেই দেওয়া হয়েছে চীনের উৎপাদিত সিনোফার্মের টিকা।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান শনিবার মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, শনিবার প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জন। আর দ্বিতীয় ডোজগ্রহণকারীর সংখ্যা ৫৩ হাজার ৭৯৮ জন। আর প্রথম ডোজ নেয়াদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৪ হাজার ৯৩৬ জন ও নারী ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন। এ নিয়ে দেশে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন।
একই দিনে দ্বিতীয় ডোজ নেয়াদের মধ্যে ৩৩ হাজার ২৩৭ জন ও নারী ২০ হাজার ৫৬১ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ লাখ ৯৭ হাজার ৩১৫ জন।
এদিকে শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে করোনার টিকা নিতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন দুই কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৮০৮ জন।
শনিবার সকাল থেকে সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনে নারী-পুরুষ পৃথক না করায় গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, সিলেট জেলার প্রথম দিনের গণটিকা প্রদানের সংখ্যা ভ্যাকসিনেশনের মূল প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়নি।

