জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে ক্রেতা সেজে ইয়াবা কেনার সময় র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে আবুল কাশেম নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার দুপুরে হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া গ্রামের মো. হোসেনের ছেলে।
র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ মেজর মো. আরেফিন জানান, শনিবার দুপুরে একটি মাদক ব্যবসায়ী চক্রের কাছে ক্রেতা সেজে র্যাবের একটি দল ইয়াবা কিনতে যায়। এ সময় র্যাবের উপস্থিত টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ীরা পাহাড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এমএসএফ মা ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

