![]() |
| নববর্ষ হোক ইবাদত ও আত্মজিজ্ঞাসার সূচনা |
নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষকে ঘিরে যখন সারাদেশে উৎসব-উল্লাসের প্রস্তুতি চলছে, তখন ভিন্নধর্মী বার্তা দিয়েছেন ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তিনি দোয়া, ফজরের নামাজ ও নফল ইবাদতের মাধ্যমে নতুন বছর শুরু করার আহ্বান জানিয়েছেন।
বিদায় ১৪৩২ ও স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এক বক্তব্যে তিনি বলেন, অনেকেই পহেলা বৈশাখকে কেন্দ্র করে নানা ধরনের আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। তবে একজন সচেতন মুমিনের উচিত এ সময়টিকে আত্মজিজ্ঞাসা ও আত্মশুদ্ধির উপলক্ষ হিসেবে গ্রহণ করা।
তিনি বলেন, নতুন বছর মানে শুধু উৎসব নয়; বরং এটি নিজের জীবনকে পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ সময়। গত বছরে কী অর্জন হয়েছে, কোথায় ঘাটতি ছিল এবং আগামীতে কীভাবে নিজেকে আরও উন্নত করা যায়—এসব বিষয়ে ভাবার সুযোগ তৈরি হয় নববর্ষে।
কুরআনের আলোকে সময়ের গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, আল্লাহ তাআলা মানবজাতিকে সময়ের হিসাব বোঝার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন। তাই এমন গুরুত্বপূর্ণ সময়কে ঘিরে এমন কোনো কাজ করা উচিত নয়, যা আমলনামাকে কলুষিত করে।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী হজরত আলী (রা.)-এর একটি বাণী উদ্ধৃত করে বলেন, “রাতের আঁধারে এমন কোনো কাজ করো না, যার জন্য দিনের আলোতে লজ্জিত হতে হয়।” তিনি আরও বলেন, একজন প্রকৃত মুমিন প্রতিদিনই নিজের আমলের হিসাব নেয় এবং প্রতিটি দিনকে নতুনভাবে শুরু করার চেষ্টা করে।
তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানান, নববর্ষের সূচনায় তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ, দোয়া ও বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে। পাশাপাশি অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং আগামীর জন্য কল্যাণ কামনা করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি দিন যেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে পরিচালিত হয় এবং আমরা যেন কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ে তুলতে পারি।”
নববর্ষ উপলক্ষে তিনি দেশ, জাতি ও বিশ্বমানবতার জন্য কল্যাণ ও শান্তি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সবাইকে বিপদ-আপদ থেকে রক্ষার প্রার্থনা জানান।
উল্লেখ্য, হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের কদমতলীর হযরত দরিয়া শাহ (রহ.) মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব এবং জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

