* কষ্ট করেই বাংলাদেশকে হারালো অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-২০তে কোনোভাবেই সাফল্যের সূত্র খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। তবে চতুর্থ ম্যাচে এসে অবশেষে সাফল্যের দেখা পেয়েছে অজিরা। টাইগারদের বিপক্ষে তিন উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যাথু ওয়েডের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নয় উইকেটে ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই লক্ষ্য ৬ বল হাতে রেখেই পেড়িয়ে যায় সফরকারীরা।
*২৪ ঘণ্টার ব্যবধানে রেকর্ড মৃত্যু দেখলো দেশ
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
*একদিনে আরো ২০৪ ডেঙ্গু রোগী হাসপাতালে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৯৪ জন ও রাজধানীর বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ২১৪ জন।
শনিবার বিকেলে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
*সিনোফার্মের আরো ৬ কোটি টিকা আনতে চুক্তি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে সিনোফার্মের আরো ৬ কোটি ডোজ টিকা আনতে চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
*সেজান জুস কারখানায় আগুন: আরো ২১ লাশ হস্তান্তর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরো ২১ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার দুপুরে মরদেহগুলো হস্তান্তরের করা হয়। নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জীবন কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
*দেশে পৌঁছেছে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স
ভারতের উপহারের দ্বিতীয় চালানে ৩০ অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। অ্যাম্বুলেন্সগুলো শনিবার বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৩০টি অ্যাম্বুলেন্স এখন ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে এসেছে।
*বুর্জ খলিফায় ৭ রাত যাদের সঙ্গে ছিলেন পরীমনি
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায়ই দেখা যেত, পরীমনি দুবাই অবস্থান করার চিত্র। তুহিন সিদ্দিকী অমির ফ্ল্যাটে পরীমনির ১৭ দিন থাকার কথা এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। ওই সফরে অমির বাসা ছাড়াও দুবাইয়ের সবচেয়ে অভিজাত ‘বুর্জ আল খলিফা’ টাওয়ারের হোটেল আরমানিতে ছিলেন পরীমনি।
টানা ৭ দিন অভিজাত হোটেলে ‘অ্যাম্বাসেডর স্যুটে’ অবস্থান করেন চিত্রনায়িকা পরীমনি। এই অ্যাম্বাসেডর স্যুটের ভাড়া প্রতিদিন গুনতে হতো এক লাখ ৫৮ হাজার টাকা। বুর্জ আল খলিফা সফরে পরিমনি নগদ ১৫ লাখ টাকা নিয়েছিলেন বলে জানা গেছে।
*পরীমনি পিয়াসা হেলেনাসহ ছয়জনের বাসায় সিআইডির অভিযান
দেশে আলোচিত চিত্রনায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা,মরিয়ম আক্তার মৌ, হেলেনা জাহাঙ্গীর ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ছয়জনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে তাদের বাসায় তল্লাশি শুরু করেছে পুলিশের এ সংস্থাটি।
সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
*পরীমনিকে বাসায় নিয়ে যাওয়ায় এডিসি সাকলায়েনকে ঢাকা ডিবি থেকে প্রত্যাহার
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে বাসায় নিয়ে যাওয়ার ঘটনায় ঢাকা মহানগর ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, শিথিলের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তাকে ঢাকা মহানগর ডিবি থেকে প্রত্যাহার করা হয়েছে।
*র্যাবের তালিকায় যেসব অভিনেত্রী-মডেলের নাম
শোবিজ অঙ্গনের কাজ করে সুনাম কুড়ানোর পাশাপাশি অনেকে পর্নোগ্রাফি জগতেও প্রবেশ করেছেন। এক কিংবা দুই জন নয়, অন্তত ডজনখানেক জনপ্রিয় মডেল-অভিনেত্রী নিষিদ্ধ পর্নো ব্যবসায় জড়িত বলে জানিয়েছে র্যাব।
এর মধ্যে অন্যতম হলেন- চিত্রনায়িকা আঁচল, অভিনেত্রী ও মডেল শিরিন শিলা, ছোটপর্দার অভিনেত্রী অহনা, অভিনেত্রী সুচিস্মিতা মৃদুলা, পার্শা, মৌরি, শুভা, মানসি ও কথিত মডেল নায়লা নাঈম। এছাড়া আরো বেশ কয়েকজন চিত্রনায়িকা মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

