সময় সংবাদ ডেস্ক্ঃ
আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশান ৩৬ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তল্লাশি করছে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। সিআইডির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে গুলশান-২ এলাকায় ৩৬ নম্বর সড়কের হেলেনা জাহাঙ্গীরের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে চার ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। ওই সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
অভিযানের শুরুতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছিলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়েছে।
পরে র্যাব জানিয়েছিল, অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়। কোথা থেকে এসব মাদক এসেছিল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে নেয়া হয়েছিল। পরে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়েছে।
সম্প্রতি ফেসবুকে ভুঁইফোড় সংগঠনের নেতা বানানোর ঘোষণা দিয়ে ছবি পোস্ট করে আলোচনা-সমালোচনার জন্ম দেন হেলেনা জাহাঙ্গীর। ভুঁইফোড় সংগঠনটির ব্যানারে জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

