জেলা প্রতনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে র্যাব-১১ এর সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস খাদে পড়ে ৯ র্যাব সদস্য আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-ক্যাপ্টেন তৌফিক আহমেদ, কর্পোরাল জাহিদুল ইসলাম, নায়েক বেলাল হোসেন ও কনস্টেবল আক্কাস আলী। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম বলেন, আজ সকালে নরসিংদী থেকে র্যাব-১১ এর অন্তত ৯ জন সদস্য অভিযানে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার শাহবাজপুর এলাকায় একটি সিএনজি অটোরিকশা হঠাৎ করে মহাসড়কে উঠে পড়লে অটোরিকশাটিকে রক্ষা করতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা র্যাব সদস্যরা আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।

