
সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জাল বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুরাটিয়া বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। অভিযান শেষে জব্দ করা জাল ঘটনাস্থলেই বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন বলেন, চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ জাল ব্যবহারের সঙ্গে কেউ যেন জড়িত না হন, সে বিষয়ে স্থানীয়দের সচেতন হতে হবে। জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।
