
আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রথম হয়েও বাদ ব্যবসায়ী
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি অফিসের প্রাথমিক যাচাই-বাছাইয়ের তালিকায় প্রথম স্থানে থেকেও চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় সব শর্ত পূরণ এবং মূল সড়কের পাশে নিজস্ব দুইতলা পাকা গুদামঘর থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করে তুলনামূলক কম সুবিধাসম্পন্ন গুদাম থাকা অন্য একজনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বঞ্চিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ সিকদার।
লিখিত বক্তব্যে সিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী আহমেদ সিকদার জানান, সরকারি বিধি-বিধান অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও সব শর্ত পূরণ করে তিনি বুড়াইচ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য আবেদন করেন। উপজেলা কৃষি অফিসের প্রাথমিক যাচাই-বাছাইয়ে প্রস্তুত করা তালিকায় তাঁর নাম প্রথম স্থানে ছিল। কিন্তু চূড়ান্ত নিয়োগের সময় তাঁকে বাদ দেওয়া হয়। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত একজনকে ওই ডিলারশিপ দেওয়া হয়েছে।
আহমেদ সিকদার বলেন, সার ডিলার নিয়োগের অন্যতম শর্ত হলো মূল সড়কের সঙ্গে সরাসরি যোগাযোগসম্পন্ন নিজস্ব পর্যাপ্ত গুদামঘর থাকা, যাতে সার পরিবহন ও সরবরাহে কোনো সমস্যা না হয়। অথচ যিনি ডিলার নিয়োগ পেয়েছেন, তাঁর গুদামটি ভেতরের দিকে অবস্থিত একটি সাধারণ টিনশেড ঘর। সেখানে ভারী যানবাহনে সার পরিবহন করাও কষ্টসাধ্য।
তিনি আরও বলেন, মূল সড়কের পাশেই তাঁর নিজস্ব দুইতলা পাকা ভবন রয়েছে। ভবনটির নিচতলা ও দোতলার অর্ধেক অংশ গুদাম হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষিত। সব শর্ত পূরণ করার পরও কী কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ ক্ষেত্রে কোনো প্রভাব বা পক্ষপাতিত্ব কাজ করেছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আহমেদ সিকদার বলেন, কৃষকের অতি প্রয়োজনীয় সার সরবরাহের মতো গুরুত্বপূর্ণ খাতে ডিলার নিয়োগে অনিয়ম হলে প্রান্তিক পর্যায়ে কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পুরো নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত যোগ্যতার ভিত্তিতে ডিলার নিয়োগের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আরব আলী, টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুজন এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদ্য নিয়োগ পাওয়া ডিলার ও ইনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইনামুল ইসলাম রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। আমি একজন সাধারণ ব্যবসায়ী। সম্পূর্ণ নিয়ম মেনেই আবেদন করে ডিলারশিপ পেয়েছি।’
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, উপজেলা কমিটি তদন্ত করে প্রতিটি ইউনিয়নের জন্য তিনজন যোগ্য আবেদনকারীর নাম জেলা কমিটিতে পাঠায়। জেলা কমিটি অধিকতর যাচাই-বাছাই শেষে তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। পরবর্তী সময়ে কৃষি মন্ত্রণালয় থেকেই চূড়ান্ত ডিলার নিয়োগ দেওয়া হয়।
