আলফাডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৭, ২০২৬

আলফাডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

আলফাডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
আলফাডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি উপজেলার আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ও আলফাডাঙ্গা আদর্শ কলেজে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।


শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেনসহ স্থানীয় নেতারা।


সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এদিকে, দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হাসান।


অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা আদর্শ কলেজের হলরুমে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব।


আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে অর্থবহ করতে জাতীয় ঐক্য ও সংহতির বিকল্প নেই। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


কলেজ দুটির আয়োজনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here