![]() |
| সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ |
শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। তবে আলোচনা সভায় উপজেলার সমবায় সমিতিগুলোর কার্যক্রম, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত কোনো বক্তব্য না দেওয়ায় উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেন। তবে তাঁর বক্তব্যে সমবায় বিভাগের নিয়মিত কার্যক্রম, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির বর্তমান অবস্থা, সদস্যদের সমস্যা কিংবা সমবায় খাতের উন্নয়নে নেওয়া উদ্যোগ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য উঠে আসেনি। এমনকি স্বাগত বক্তব্যে মঞ্চে উপস্থিত অতিথিদের নামও উল্লেখ করেননি তিনি বলে অভিযোগ ওঠে।
এ সময় সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সমবায় কর্মকর্তাকে তাঁর দপ্তরের কার্যক্রম এবং উপজেলার সমবায় সমিতিগুলোর সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার অনুরোধ জানান। কিন্তু এরপরও এ বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা না হওয়ায় সভায় উপস্থিত অতিথিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিজভী আহমেদ সবুজ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, বিএনপি নেতা মুরাদুর রহমান মুরাদ, সাফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জাতীয় সমবায় দিবসের মূল উদ্দেশ্য হলো সমবায় আন্দোলনকে শক্তিশালী করা, সমবায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় খাতের অবদান তুলে ধরা। এ কারণে দিবসের আলোচনা সভায় উপজেলার সমবায় সমিতিগুলোর কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা, সদস্যদের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার প্রত্যাশা ছিল উপস্থিত ব্যক্তিদের। কিন্তু এসব বিষয়ে বিস্তারিত আলোচনা না হওয়ায় দিবসটির আয়োজন অনেকটা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেনের বিরুদ্ধে সমবায় সমিতির সদস্যদের হয়রানি, ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সচেতন মহলের মতে, জাতীয় সমবায় দিবস শুধু র্যালি ও আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ রাখলে এর প্রকৃত উদ্দেশ্য অর্জিত হবে না। সমবায় সমিতিগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি, সদস্যদের অধিকার ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, অনিয়মের অভিযোগ তদন্ত এবং সমবায়ীদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
তাঁদের প্রশ্ন, যে দিবসের মূল প্রতিপাদ্য সমবায়, সেই দিবসের আলোচনা সভাতেই যদি সমবায় সমিতিগুলোর বাস্তব সমস্যা, কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বিস্তারিত বক্তব্য না থাকে, তাহলে দিবসটি পালনের সার্থকতা কতটুকু? এ বিষয়ে উপজেলা সমবায় বিভাগের কার্যক্রম ও সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেন বলেন, সালথা উপজেলায় কৃষক সমিতি ও যুব সমিতি না থাকা এবং বিদ্যমান সমিতিগুলোর কার্যক্রম সচল না থাকায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘আমি অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।’
অন্যদিকে সমিতির সদস্যদের হয়রানি, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অভিযোগগুলো মিথ্যা। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করতে পারবেন না বলে দাবি করেন তিনি।

