
আলফাডাঙ্গায় ১৬১ খামারির মধ্যে ৩ হাজার ৭০০ হাঁস-মুরগি বিতরণ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় চরাঞ্চলের মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাবলম্বিতা বাড়ানোর লক্ষ্যে ১৬১ জন খামারির মধ্যে ৩ হাজার ৭০০টি উন্নত জাতের হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, এ প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের মানুষের আয় বাড়ার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদাও পূরণ হবে। স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থানের এ সুযোগ সুবিধাভোগী পরিবারগুলোকে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় চরাঞ্চলের ১৬১ জন সুবিধাভোগীর মধ্যে ৮৫ জনকে ২৫টি করে মোট ২ হাজার ১২৫টি হাঁস এবং ৭৬ জনকে ২১টি করে মোট ১ হাজার ৫৭৫টি মুরগি দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিতরণ করা হয়েছে ৩ হাজার ৭০০টি হাঁস-মুরগি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার টগরবন্দ, গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকার ১ হাজার ৮৪৮ জন দরিদ্র নারী-পুরুষকে পর্যায়ক্রমে গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি দেওয়া হবে। এর মাধ্যমে এসব এলাকার মানুষের জীবিকায়ন ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়তা করা হবে।
