
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু, সম্পাদক তামিম
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তামিম আহমেদ মিলন। সভাপতি ও সহসভাপতি পদেও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে তামিম আহমেদ মিলন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। নির্বাচনে তিনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার কৃতিত্বও অর্জন করেন তামিম।
সভাপতি পদে ১৭টি বৈধ ভোটের মধ্যে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ আমিনুর রহমান আচ্চু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পেয়েছেন ৮ ভোট।
অন্যদিকে, সহসভাপতি পদে ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাজমিনউর রহমান তুহিন। তাঁর প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।
নির্বাচন শেষে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, সুন্দর ও সুশৃঙ্খল ভোট আয়োজনের মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটেছে।
নবনির্বাচিত কমিটির নেতারা আলফাডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পেশাদার সাংবাদিকতা রক্ষায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
নির্বাচন পরিচালনা প্রসঙ্গে প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার ও প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সফলভাবে শেষ হয়েছে।
