
বোয়ালমারীতে ঋণের চাপের মধ্যে বিষপানে যুবকের মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম ঋষিপাড়ায় গোবিন্দ বিশ্বাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ ও পারিবারিক কলহের মধ্যে তিনি বিষপান করেছিলেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত গোবিন্দ বিশ্বাস ওই গ্রামের পরিমল বিশ্বাসের একমাত্র ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ঋণ নিয়ে দালালের মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমান গোবিন্দ। সেখানে কিছুদিন কাজ করার পর তাঁর কাজের অনুমতিপত্রের (আকামা) মেয়াদ শেষ হয়ে যায়। পরে কোনো উপায় না পেয়ে প্রায় দেড় বছর পর মালয়েশিয়া পুলিশের কাছে ধরা দিয়ে শূন্য হাতে দেশে ফিরে আসেন তিনি।
দেশে ফিরে জীবিকা নির্বাহের জন্য একটি সেলুনে কাজ শুরু করেন গোবিন্দ। তবে বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের বোঝা তাঁর পিছু ছাড়েনি। পরিবারের দাবি, বেসরকারি সংস্থা এসডিসি থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ব্র্যাক থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে তাঁর ঋণের পরিমাণ ছিল প্রায় ৬ লাখ টাকা।
মালয়েশিয়া থেকে কোনো অর্থ নিয়ে ফিরতে না পারায় এবং সেলুনে কাজ করে সীমিত আয় হওয়ায় সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন গোবিন্দ। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই তাঁর মনোমালিন্য ও কলহ হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে বাড়িতে বিষপান করেন গোবিন্দ। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঋণের চাপ ও পারিবারিক কলহের মধ্যে এক যুবকের বিষপানের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হবে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গোবিন্দের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা পরিমল বিশ্বাস ও পরিবারের সদস্যরা। তাঁর চার বছর বয়সী কন্যাসন্তান প্রার্থনা বিশ্বাসের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন স্বজনেরা। তিন ভাই-বোনের মধ্যে গোবিন্দ ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে।
