![]() |
| আলফাডাঙ্গায় জাতীয় সমবায় দিবসে সেরা তিন সমবায়ীকে সম্মাননা |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিভিন্ন সমবায় সমিতির তিনজন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা প্রদান করেছে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে নির্বাচিত তিন সমবায়ীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন—এশিয়া ঋণদান সমবায় সমিতির সভাপতি তাজমিনউর রহমান তুহিন, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রেজওয়ান আহম্মেদ এবং আস্থা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির মুজাহিদ মৃধা।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়ীরা অংশ নেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, এশিয়া ঋণদান সমবায় সমিতির সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সহসভাপতি তাজমিনউর রহমান তুহিন এবং গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রেজওয়ান আহম্মেদসহ অনেকে।
বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব। এ জন্য সমবায়ীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

