বান্দার ডাকে যেভাবে সাড়া দেন মহান আল্লাহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

বান্দার ডাকে যেভাবে সাড়া দেন মহান আল্লাহ

 

বান্দার ডাকে যেভাবে সাড়া দেন মহান আল্লাহ
বান্দার ডাকে যেভাবে সাড়া দেন মহান আল্লাহ


লেখক: হাফিজ মাছুম আহমদ দুধরচকী:

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারিম। আম্মা বা'দ।

পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ও সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু রয়েছে, সবই তাঁর।’ (সুরা আল-বাকারা, আয়াত: ২৫৫)।


ইসলাম আমাদের শিক্ষা দেয়, এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন জীবন্ত, চিরঞ্জীব ও সর্বময় ক্ষমতার অধিকারী প্রভু। তিনি তাঁর বান্দাদের জন্য সর্বদা বিদ্যমান। অতীতের মতো বর্তমানেও তিনি তাঁর বান্দাদের প্রার্থনা শোনেন এবং তাদের প্রতি অনুগ্রহ করেন।


আল্লাহতায়ালার গুণাবলির কোনো পরিবর্তন নেই। তিনি চিরঞ্জীব, তাঁর মৃত্যু নেই। তিনি আজও সবকিছু শোনেন, দেখেন এবং তাঁর বান্দাদের সঙ্গে দয়া ও অনুগ্রহের আচরণ করেন। তাঁর চিরস্থায়ী সত্তার প্রতি বিশ্বাসই মানুষকে তাঁর ওপর ঈমান আনতে, তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং তাঁর প্রতি ভালোবাসা পোষণ করতে অনুপ্রাণিত করে।


আল্লাহতায়ালা তাঁর জীবন্ত ও চিরস্থায়ী সত্তার ওপর ভরসা করার নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘আর তুমি সেই চিরঞ্জীব সত্তার ওপর ভরসা করো, যাঁর মৃত্যু নেই।’ (সুরা আল-ফুরকান, আয়াত: ৫৮)।


অন্য আয়াতে তিনি বলেন, ‘পৃথিবীতে যা কিছু আছে, সবই নশ্বর। আর অবিনশ্বর থাকবেন শুধু তোমার মহিমাময় ও মহানুভব প্রতিপালকের সত্তা।’ (সুরা আর-রহমান, আয়াত: ২৬-২৭)।


অর্থাৎ পৃথিবী ও আকাশের সবকিছুই একসময় ধ্বংস হয়ে যাবে। সব সৃষ্টিরই পরিবর্তন ও বিনাশ রয়েছে। কিন্তু মহান আল্লাহ চিরস্থায়ী ও অবিনশ্বর। তাঁর কোনো পরিবর্তন বা ধ্বংস নেই।


আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাসই ধর্মের মূল ভিত্তি এবং আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু। তাঁর প্রতি দৃঢ় বিশ্বাস ছাড়া প্রকৃত ধর্মীয় জীবন কল্পনা করা যায় না।


আল্লাহ বান্দার দোয়া শোনেন ও কবুল করেন


মহান আল্লাহর জীবন্ত ও চিরঞ্জীব সত্তার অন্যতম নিদর্শন হলো, তিনি তাঁর বান্দাদের প্রার্থনা শোনেন এবং তাদের ডাকে সাড়া দেন। পবিত্র কোরআনে তিনি ইরশাদ করেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা আল-মুমিন, আয়াত: ৬০)।


আল্লাহর সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর গভীর সম্পর্ক এবং মহান সৃষ্টিকর্তার ওপর তাঁর অটল বিশ্বাসের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। এর মধ্যে একটি ঐতিহাসিক ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য।


মহানবী (সা.)-এর প্রতি আল্লাহর সাহায্যের ঐতিহাসিক দৃষ্টান্ত


ইসলামের দাওয়াত পৌঁছে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) তৎকালীন বিভিন্ন দেশের শাসকদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তাঁর পাঠানো একটি চিঠি পারস্যের সম্রাট কিসরার কাছে পৌঁছালে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। একপর্যায়ে চিঠিটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন। এরপর ইয়েমেনের গভর্নরকে নির্দেশ দেন, যেন আরবের ওই ব্যক্তিকে (মহানবী সা.) বন্দী করে তাঁর সামনে হাজির করা হয়।


সম্রাটের নির্দেশ পেয়ে ইয়েমেনের গভর্নর দুজন দূতকে মহানবী (সা.)-এর কাছে পাঠান। তাঁরা মদিনায় পৌঁছে তাঁকে সম্রাটের কাছে যাওয়ার জন্য বলেন। মহানবী (সা.) তাঁদের জানান, তাঁরা যেন সেদিন রাতে অবস্থান করেন এবং পরদিন তাঁর কাছ থেকে উত্তর নিয়ে যান।


পরদিন দূতেরা তাঁর কাছে এলে মহানবী (সা.) তাঁদের জানান, তাঁদের শাসককে গিয়ে বলতে যে, তাঁর প্রভু (মহান আল্লাহ) কিসরাকে হত্যা করেছেন।


মহানবী (সা.)-এর এ কথা শুনে ইয়েমেনের গভর্নর বিস্মিত হন। তিনি বলেন, ঘটনাটি সত্য হলে বুঝতে হবে, তিনি সত্যিই আল্লাহর নবী।


এর কিছুদিন পর কিসরার পুত্রের পক্ষ থেকে ইয়েমেনের গভর্নরের কাছে একটি চিঠি আসে। সেখানে জানানো হয়, দেশের স্বার্থে তিনি তাঁর পিতাকে হত্যা করেছেন।


এ ঘটনাটি মহান আল্লাহর ওপর মহানবী (সা.)-এর অটল বিশ্বাস এবং আল্লাহর সাহায্যের প্রতি তাঁর দৃঢ় আস্থার একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে আলোচিত হয়ে আসছে।


আল্লাহর সঙ্গে প্রেমময় সম্পর্ক গড়ে তুলি


প্রকৃতপক্ষে, যারা আল্লাহকে ভালোবাসেন, পবিত্র হৃদয়ে তাঁকে স্মরণ করেন এবং বিপদে-আপদে তাঁর সাহায্য কামনা করেন, মহান আল্লাহ তাঁদের প্রার্থনা শোনেন। তিনি তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু ও অনুগ্রহশীল।


পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আর যখন আমার বান্দারা আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তখন (তাদের বলো) নিশ্চয়ই আমি নিকটেই আছি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে চলতে পারে।’ (সুরা আল-বাকারা, আয়াত: ১৮৬)।


এই আয়াত থেকে স্পষ্ট হয়, মহান আল্লাহ তাঁর বান্দাদের খুব কাছেই রয়েছেন। বান্দা যখন আন্তরিকভাবে তাঁর কাছে প্রার্থনা করে, তখন তিনি সেই প্রার্থনা শোনেন। তবে দোয়া কবুলের বিষয়টি মহান আল্লাহর প্রজ্ঞা ও ইচ্ছার ওপর নির্ভরশীল।


তাই আমাদের প্রত্যেকের উচিত মহান আল্লাহর সঙ্গে গভীর ও প্রেমময় সম্পর্ক গড়ে তোলা। তাঁর আদেশ-নিষেধ মেনে জীবন পরিচালনা করা, সব ধরনের অন্যায় ও অপকর্ম থেকে বিরত থাকা এবং বেশি বেশি তাঁর জিকির ও ইবাদতে সময় অতিবাহিত করা।


আসুন, আমরা সবাই মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করি। তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের জীবন পরিচালিত করি।


আল্লাহুম্মা আমিন।



Post Top Ad

Responsive Ads Here