![]() |
| আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিত চন্দ্র দাস, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালউদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় দত্ত, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আব্দুল আজিজ মিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান এবং আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেনসহ অনেকে।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

