
আমতলীতে দুই হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর দুই হাত বাঁধা ছিল বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় তুহিনের বাবা অলী উল্লাহ মুন্সি তাঁকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন মুন্সি ওই গ্রামের অলী উল্লাহ মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের দাবি। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন ছেলের কোনো খোঁজ না পেয়ে শনিবার দুপুরে বাবা অলী উল্লাহ তাঁর ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শনিবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে তুহিনের বাবা অলী উল্লাহ মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত দুই দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ ছিল না। শনিবার দুপুরে ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে দেখি, তার দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। আমার ছেলেকে কেউ হত্যা করে এভাবে রেখে গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চাই।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
