
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে আমতলী-পাথরঘাটায় র্যালি ও মানববন্ধন
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে বরগুনার আমতলী ও পাথরঘাটায় র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ আমতলী প্রেসক্লাব মোড় এবং পাথরঘাটা গোলচত্বর মোড়ে এক্টিভিস্তা বরগুনার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এনএসএস ও অ্যাকশনএইডের সহযোগিতায় এফোরটি প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় তরুণ-তরুণী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
উভয় স্থানে র্যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলীতে ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ এবং এফোরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।
অন্যদিকে, পাথরঘাটা গোলচত্বর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি মো. জাকির হোসেন নাইম। এতে বক্তব্য দেন এফোরটি প্রকল্পের প্রজেক্ট অফিসার মাহমুদা, পরিবেশকর্মী ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মো. মেহেদি শিকদার এবং তরুণ সমাজসেবক মো. বদিউজ্জামান সোহাগ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সম্পদ ও নিরাপত্তা ক্রমেই হুমকির মুখে পড়ছে। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এসব অঞ্চলের মানুষের ক্ষয়ক্ষতি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণের অর্থ যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। আসন্ন কপ-৩১ সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের এসব কর্মসূচির মধ্য দিয়ে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি, ক্ষয়ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণের দাবিগুলো তুলে ধরা হয়।
