
কোরআনের ভাষায় পরকালে ভয় ও দুশ্চিন্তা থাকবে না যাদের
হাফিজ মাছুম আহমদ দুধরচকী:
পবিত্র কোরআনে মানুষের ইহকালীন ও পরকালীন জীবনের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতে এমন কিছু মানুষের কথা উল্লেখ করা হয়েছে, যারা ঈমান, সৎকর্ম ও আল্লাহর নির্দেশিত পথে চলার কারণে পরকালে ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে। মহান আল্লাহ তাঁদের জন্য বিশেষ প্রতিদান ও নিরাপত্তার সুসংবাদ দিয়েছেন।
পবিত্র কোরআনের আলোকে যেসব মানুষের জন্য ভয় ও দুশ্চিন্তামুক্ত জীবনের সুসংবাদ রয়েছে, তাঁদের পরিচয় তুলে ধরা হলো—
১. আল্লাহর হেদায়াত অনুসরণকারীরা
যারা আল্লাহর দেওয়া নির্দেশনা ও হেদায়াত অনুসরণ করে জীবন পরিচালনা করেন, তাঁদের জন্য ভয় ও দুশ্চিন্তামুক্তির সুসংবাদ রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘যারা আমার হেদায়াত অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।’ (সুরা আল-বাকারা, আয়াত: ৩৮)
২. ঈমানদার ও সৎকর্মশীল ব্যক্তিরা
আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের পাশাপাশি যারা সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে মহান প্রতিদান। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘যারা আল্লাহ ও আখিরাতের ওপর বিশ্বাস করে এবং ভালো কাজ করে, তাদের রবের কাছে তাদের জন্য মহাপ্রতিদান রয়েছে এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।’ (সুরা আল-বাকারা, আয়াত: ৬২)
৩. আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ও সৎকর্মশীলরা
যারা নিজেদের সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে এবং সৎকর্মের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, তাদের জন্যও রয়েছে নির্ভয় জীবনের সুসংবাদ। মহান আল্লাহ বলেন, ‘অবশ্যই, কেউ আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলে এবং ভালো কাজ করলে তার প্রতিদান তার রবের কাছে রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।’ (সুরা আল-বাকারা, আয়াত: ১১২)
৪. দান করে খোঁটা না দেওয়া ব্যক্তিরা
অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। তবে দান করার পর কাউকে খোঁটা দেওয়া কিংবা কষ্ট দেওয়া যাবে না। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন এবং দানের কথা বলে কাউকে অপমান করেন না, তাঁদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ।
আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, অতঃপর যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং কষ্ট দেয় না, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।’ (সুরা আল-বাকারা, আয়াত: ২৬২)
৫. নিয়মিত দান-সদকা ও ইবাদতকারীরা
যারা রাত-দিন, গোপনে ও প্রকাশ্যে আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করেন, তাঁদের জন্যও রয়েছে উত্তম প্রতিদান। মহান আল্লাহ বলেন, ‘যারা তাদের সম্পদ রাত ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।’ (সুরা আল-বাকারা, আয়াত: ২৭৪)
এ ছাড়া যারা ঈমান আনে, সৎকর্ম করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং জাকাত আদায় করে, তাদের সম্পর্কেও আল্লাহ একই সুসংবাদ দিয়েছেন। (সুরা আল-বাকারা, আয়াত: ২৭৭)
৬. আল্লাহর পথে জীবন উৎসর্গকারীরা
যারা আল্লাহর পথে প্রাণ উৎসর্গ করেন, তাঁদের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের তোমরা মৃত মনে কোরো না; বরং তারা জীবিত এবং তাদের রবের কাছে রিজিকপ্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন, তাতে তারা আনন্দিত। আর যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি, তাদের জন্যও তারা আনন্দ প্রকাশ করে। কারণ তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৬৯-১৭০)
৭. ঈমান ও সমাজ সংস্কারে নিয়োজিত ব্যক্তিরা
যারা ঈমান আনার পাশাপাশি নিজেদের জীবন সংশোধন করেন এবং সমাজের অন্যায়-অসঙ্গতি দূর করে কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন, তাঁদের জন্যও রয়েছে সুসংবাদ।
মহান আল্লাহ বলেন, ‘যে ঈমান আনবে এবং সংশোধন করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।’ (সুরা আল-আনআম, আয়াত: ৪৮)
অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘যে তাকওয়া তথা আল্লাহভীরুতা অর্জন করবে এবং সংশোধন করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।’ (সুরা আল-আরাফ, আয়াত: ৩৫)
৮. আল্লাহর প্রিয় ও অনুগত বান্দারা
যারা আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, ভালোবাসা ও আনুগত্যের মাধ্যমে তাঁর নৈকট্য অর্জন করেন, তাঁদের আল্লাহর বন্ধু বা ওলি বলা হয়। তাঁদের জন্য রয়েছে ভয় ও দুশ্চিন্তামুক্তির সুসংবাদ।
মহান আল্লাহ বলেন, ‘শোনো, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।’ (সুরা ইউনুস, আয়াত: ৬২)
৯. ঈমানের ওপর অবিচল ব্যক্তিরা
শুধু মুখে ঈমানের ঘোষণা নয়, বরং জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈমানের ওপর অবিচল থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সেই বিশ্বাসে অটল থাকেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ।
মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা বলবে, আমাদের রব আল্লাহ, অতঃপর এর ওপর অটল থাকবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।’ (সুরা আল-আহকাফ, আয়াত: ১৩)
পরিশেষে, পবিত্র কোরআনের এসব আয়াত থেকে বোঝা যায়, ঈমান, তাকওয়া, সৎকর্ম, আল্লাহর আনুগত্য, দান-সদকা এবং সত্যের পথে অবিচল থাকা একজন মুমিনের পরকালীন মুক্তির গুরুত্বপূর্ণ উপায়। তাই দুনিয়ার জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এসব গুণ নিজের মধ্যে ধারণ করা প্রত্যেক মুমিনের কর্তব্য।
মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার এবং পরকালে ভয় ও দুশ্চিন্তামুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।
