![]() |
| আলফাডাঙ্গায় শতাধিক অসচ্ছল রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
আর্তমানবতার সেবায় ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। স্থানীয় চর নওয়াপাড়া একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে আশপাশের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক অসচ্ছল রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার চর নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ আলম। তিনি আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
মেডিকেল ক্যাম্প পরিচালনা ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আবুল সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সোহাগ, চর নওয়াপাড়া একতা যুব সংঘের সভাপতি শেখ সাদি, সাধারণ সম্পাদক খলিল মোল্যা, সাংগঠনিক সম্পাদক রিফাত ইসলাম রবিন ও অর্থ সম্পাদক ইব্রাহিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজক সংগঠন চর নওয়াপাড়া একতা যুব সংঘের নেতৃবৃন্দ জানান, এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এ বিষয়ে ডা. মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই ছুটির দিনগুলোতে যখনই সময় পাই, আমার জন্মভূমির মানুষের চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করি। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার অসচ্ছল মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা উদ্যোগ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

