আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোয়ালমারী ফুটবল একাডেমি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোয়ালমারী ফুটবল একাডেমি

আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোয়ালমারী ফুটবল একাডেমি
আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোয়ালমারী ফুটবল একাডেমি

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডাক্তার মোহাম্মদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের’ দ্বিতীয় সেমিফাইনাল। রোমাঞ্চকর লড়াই শেষে ট্রাইবেকারে আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বোয়ালমারী ফুটবল একাডেমি।


শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে এ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ ও বোয়ালমারী ফুটবল একাডেমি।


খেলার নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে। তবে উভয় দলের খেলোয়াড়রা একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।


পরে ম্যাচের ভাগ্য নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে ৫-৪ গোলের ব্যবধানে জয় পায় বোয়ালমারী ফুটবল একাডেমি। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে দলটি।


ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মদ শাহ আলম।


এ সময় আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন, সৌদি প্রবাসী কোরবান আলী, স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া সংগঠকরা।


এদিকে, সেমিফাইনাল ম্যাচকে ঘিরে মাঠের চারপাশে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গ্রামীণ জনপদে ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন উন্মাদনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।


বোয়ালমারী ফুটবল একাডেমির ফাইনাল নিশ্চিতের মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। এখন জমজমাট ফাইনাল ম্যাচের অপেক্ষায় রয়েছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।



Post Top Ad

Responsive Ads Here