আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

 

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা
আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে অনিয়ম, দায়িত্ব পালনে অবহেলা এবং সেবা নিতে আসা মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন পরিষদের আট সদস্য।


বুধবার (১৮ নভেম্বর) বরগুনার জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ জমা দেন ইউপি সদস্যরা।


অভিযোগে বলা হয়েছে, আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মো. মাঞ্জুরুল হক কাওসার নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না। ফলে জন্মনিবন্ধন, পরিচয়পত্রসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে এসে অনেক মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় সেবা না পেয়ে তাঁদের ফিরে যেতে হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে সেবাগ্রহীতা ও ইউপি সদস্যদের সঙ্গে প্রশাসক অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ভুক্তভোগী সেবাগ্রহীতা মো. আমির হোসেন ও সুমন মোল্লা জানান, পরিচয়পত্রের জন্য তাঁরা একাধিকবার ইউনিয়ন পরিষদে গিয়েছেন। কিন্তু প্রশাসককে না পাওয়ায় প্রয়োজনীয় সেবা না নিয়েই ফিরে আসতে হয়েছে তাঁদের।


ইউপি সদস্য মো. ফিরোজ খান তাপস অভিযোগ করে বলেন, প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার এবং ইউপি সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। তিনি একই সঙ্গে আমতলী পৌরসভার কাউন্সিলর হওয়ায় পৌরসভার দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। এ কারণে ইউনিয়ন পরিষদে নিয়মিত সময় দিতে পারছেন না বলে তাঁর দাবি। এতে সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


নারী ইউপি সদস্য মোসা. সাহিদা বেগমও প্রশাসকের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন। আরেক ইউপি সদস্য বেলাল হোসেনের অভিযোগ, প্রশাসক নিয়মিত পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকেন না।


তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাঞ্জুরুল হক কাওসার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। যদি অভিযোগ দিয়ে থাকে, তাহলে তা মিথ্যা।”


এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



Post Top Ad

Responsive Ads Here