
আমতলীতে বিএসটিআইয়ের অভিযান, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন প্রতিরোধ এবং বেকারির স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং কারখানার পরিবেশ যথাযথ না থাকায় একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। এ সময় বিএসটিআইয়ের পটুয়াখালী কার্যালয়ের পরিদর্শক মো. আশিকুর রহমান এবং আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।
অভিযানকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত রিয়াদ বেকারি পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রেজাউল করিম। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগের দিন থেকে বেকারিটির উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে জানা যায়। পরিদর্শনে কারখানার পরিবেশ সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে কোনো জরিমানা করা হয়নি।
অন্যদিকে, একই ওয়ার্ডের মিঠা বাজার-সংলগ্ন বিসমিল্লাহ বেকারিতে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং উৎপাদনস্থলের পরিবেশ যথাযথ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বেকারির মালিককে সতর্ক করে খাদ্যপণ্যের মান উন্নয়ন এবং উৎপাদনস্থল স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা বেকারির শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার ওপর গুরুত্ব দেন। খাদ্যপণ্য উৎপাদনের সময় নির্ধারিত পোশাক ও মাথায় ক্যাপ পরিধান, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুরো উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, একই দিন সকাল ১১টার দিকে মহাসড়কে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়ক আইন, ২০২১-এর ১৪ ধারায় দুই চালককে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দিতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
