সময় সংবাদ ডেস্কঃ
টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন এমপি।
বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনি পরিচালক পদে নির্বাচিত হন।
সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচনটিতে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে রাজশাহী অঞ্চল থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন চৌধুরী। তিনি ৭-২ ভোটে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি মাত্র দুটি ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাচনের আগেই এ ক্যাটাগরিতে সাতজন পরিচালক নির্বাচিত হন। তারা হচ্ছেন- আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ), আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ)।
ঢাকা বিভাগে তানভীর আহমেদ ও দুর্জয়ের প্রতিদ্বন্দ্বী থাকলেও নির্বাচনের আগ মুহূর্তে তারা প্রার্থিতা স্থগিত করেন। ব্যালটে ওই দুই প্রার্থীর নাম থাকলেও তারা নির্বাচিত হতে পারেননি।
উল্লেখ্য, বিসিবির নির্বাচন শুরু হয় বুধবার সকাল ১০টায়। নির্বাচন প্রক্রিয়া শেষ হয় বিকেল ৫টায়। যেখানে ১৪টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছিলেন ১৯ জন।

