![]() |
| দোয়ারাবাজারে মাদ্রাসা নির্বাচন নিয়ে সংঘর্ষ: প্রতিপক্ষ অনুপস্থিত থাকায় সালিশ স্থগিত |
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জামেয়া ইসলামিয়া হাফিজিয়া পঞ্চগ্রাম সোনাপুর মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে আহূত সালিশ বৈঠক প্রতিপক্ষের অনুপস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে মাদ্রাসা হলরুমে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে এই সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বসির।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজারের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শামীম আহমেদ, শায়েখ মাওলানা মুফতি আব্দুস সোবহান, হাফিজ মাওলানা সায়েদ আহমেদ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আকিক আহমেদ, মাওলানা জহির আহমেদ, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা আব্দুল হক, আব্দুল মানিক মাস্টার, সাজিদ আলী, অলিউর রহমান ও মনু মিয়া প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসার পরিচালনা কমিটি নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেন।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ জানান, মাদ্রাসার শিক্ষা কার্যক্রম যাতে বিঘ্নিত না হয় সে জন্য দ্রুত সমঝোতায় পৌঁছানো জরুরি। বৈঠকে নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল ভুয়া ফেসবুক আইডি খুলে মাদ্রাসা ও মুহতামিমের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যা মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

