
সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিস, সালথার আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাসেম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সাবেক বিএনপি যুগ্ম সম্পাদক খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে পারলে সাক্ষরতার হার আরও বাড়ানো সম্ভব। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য শিক্ষার প্রসার অপরিহার্য। তাই নিরক্ষরতা দূর করে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ধারাবাহিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
