
আলফাডাঙ্গায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধার মূল্যায়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র পদপ্রার্থী ও শিক্ষানুরাগী মুন্সি বিল্লাল হুসাইনের সার্বিক উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০ জন এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, নগদ অর্থ ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুন্সি বিল্লাল হুসাইন।
তিনি বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ করে তুলতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে শিক্ষার্থীরা শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী কিংবা অন্য যে কোনো পেশায় যুক্ত হলেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার। এ সময় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এ এম এম মেস্তাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক শাহাজান কবীর, আবুল বাসার শেখ ও মো. মোজাহিদুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক।
সংবর্ধিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরাও অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে।
পরে ক্রেস্ট, সম্মাননা ও ফুল তুলে দেওয়ার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
