সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৬, ২০২৬

সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

 

সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. আমিন খন্দকার (৪৫) নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আমিন খন্দকার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে আমিন খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তিনি আসামি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হবে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাংরাইল এলাকার মনির বিশ্বাস ও মিশরু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।


একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়।


সংঘর্ষের পর উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি হামলা চালিয়ে অন্তত আটটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।




Post Top Ad

Responsive Ads Here