আলফাডাঙ্গায় ঝলসে যাওয়া প্রতিবন্ধী কিশোরীর চিকিৎসায় প্রবাসী যুবকদের মানবিক সহায়তা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৬, ২০২৬

আলফাডাঙ্গায় ঝলসে যাওয়া প্রতিবন্ধী কিশোরীর চিকিৎসায় প্রবাসী যুবকদের মানবিক সহায়তা

আলফাডাঙ্গায় ঝলসে যাওয়া প্রতিবন্ধী কিশোরীর চিকিৎসায় প্রবাসী যুবকদের মানবিক সহায়তা
আলফাডাঙ্গায় ঝলসে যাওয়া প্রতিবন্ধী কিশোরীর চিকিৎসায় প্রবাসী যুবকদের মানবিক সহায়তা

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের আলফাডাঙ্গায় গরম তরকারিতে পা মারাত্মকভাবে ঝলসে যাওয়া শারীরিক প্রতিবন্ধী কিশোরী নীলা খানমের (১৫) চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন মালয়েশিয়া প্রবাসী একদল যুবক।


রোববার (২৬ জুলাই) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নীলার মায়ের হাতে প্রবাসীদের পাঠানো ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ী মারুফ শেখ, সমাজসেবক আইয়ুব আলী এবং সমাজকর্মী সাদ্দাম হোসেন এই আর্থিক সহায়তা হস্তান্তর করেন।


জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নীলার দুর্ঘটনার খবর ও তার অসহায় পরিবারের অবস্থা দেখে সহায়তার উদ্যোগ নেন আলফাডাঙ্গার ধলাইরচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সি ও তার কয়েকজন বন্ধু। প্রবাসে থেকেই তারা দ্রুত অর্থ সংগ্রহ করে চিকিৎসার জন্য দেশে পাঠান।


স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে উপজেলার ধলাইরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইকা তালুকদারের মেয়ে নীলা খানমের বাম পায়ে দুর্ঘটনাবশত ফুটন্ত গরম তরকারি পড়ে যায়। এতে তার পা মারাত্মকভাবে ঝলসে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে নীলার বাবা মারা যান। এরপর থেকে সহায়-সম্বলহীন মা সাজেদা বেগম অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে কষ্টে সংসার চালিয়ে আসছেন। হঠাৎ মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে।


আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত নীলার মা সাজেদা বেগম বলেন, “আমরা খুবই অসহায়। মেয়েটি শারীরিক প্রতিবন্ধী, পাশাপাশি মানসিকভাবেও অসুস্থ। এমন দুর্ঘটনায় দিশেহারা হয়ে পড়েছিলাম। প্রবাস থেকে যারা আমার মেয়ের চিকিৎসার জন্য সাহায্য পাঠিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”


মুঠোফোনে মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সি বলেন, “ফেসবুকে নীলার দুর্ঘটনার খবর দেখে খুব কষ্ট পেয়েছি। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা কয়েকজন বন্ধু মিলে তার চিকিৎসার জন্য সামান্য সহযোগিতা করেছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ আরও এগিয়ে এলে মেয়েটির উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।”


স্থানীয়দের মতে, প্রবাসীদের এই মানবিক উদ্যোগ অসহায় পরিবারের জন্য যেমন স্বস্তি নিয়ে এসেছে, তেমনি সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করেছে।



Post Top Ad

Responsive Ads Here