
আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের আলফাডাঙ্গা জোনাল অফিসের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচিতে কয়েক শতাধিক গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ১৪ বছরের সাফল্য ও অগ্রযাত্রা উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমনা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে সুমনা পারভীন বলেন, বীমা সেবার অন্যতম উদ্দেশ্য হলো দুর্যোগ ও বিপদের সময়ে গ্রাহকের পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক ঝুঁকি কমাতে সহায়তা করা। ইসলামী শরিয়াহসম্মত ও স্বচ্ছ সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বীমা খাত দেশের সামগ্রিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ফরিদপুর বিভাগীয় প্রধান ও অফিস ইনচার্জ মো. সাজিদ মাতুব্বর এবং প্রধান প্রশিক্ষক ও সেন্ট্রাল ট্রেনার জামিল উদ্দিন মিন্টু।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বর্তমান সময়ে দেশের বীমা খাতের সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে গ্রাহকসেবার মান আরও উন্নত করা, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
গ্রাহকদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠানে বিশেষ অবদানের জন্য কর্মকর্তা ও কর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের আপ্যায়নের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
