মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে মাদ্রাজি ওল। পতিত ও বেলে দোঁয়াশ মাটিতে এই মাদ্রাজি ওলের চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষীরা। ফলে, প্রতিবছর এই মাদ্রাজি ওল চাষিদের কাছে এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে চাহিদার পাশাপাশি এর দামও ভাল।
গত কয়েক বছর ধরে মেহেরপুর জেলায় দেশী ওলের পাশাপাশি এই মাদ্রাজি ওলের চাষ হচ্ছে। কেননা, এই ওল চাষে বিঘা প্রতি ২০-২৫ হাজার টাকা খরচ করে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ঘরে তুলছে চাষীরা। মাদ্রাজি এই ওল খাওয়ার ক্ষেত্রে দেশী ওলের চাইতে অতি নরম ও সুস্বাদু। তাই এর কদর ও মূল্য বাড়ছে প্রতিবছর। এবার আবহাওয়া ভালো থাকায় প্রতিটি গাছ থেকে ৭-১৫ কেজি পর্যন্ত ওলের ফলন পাচ্ছে চাষিরা। বাজারে এই ওল প্রতি কেজি ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাভ বেশী হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে ওল চাষ। কৃষি বিভাগের হিসেবে এ বছর জেলায় ৬০হেক্টর জমিতে ওল চাষ হয়েছে। কিন্তু উৎপাদন হয়েছে আরও বেশী পরিমান জমিতে। চাহিদা বেড়ে যাওয়ায় চাষিরা ওলের পাশাপাশি বীজ বিক্রি করেও অতিরিক্ত মুনাফা ঘরে তুলছে। চাষিদের এই আগ্রহটাকে আরো বেগবান করতে চাষীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি বিভাগ।
চাষীরা জানায়,একবিঘা জমিতে ৫০ হাজার খরচ হয়। আয় হয় একলাখ ২০-৩০ হাজার টাকা। বিঘায় উৎপাদন হয় প্রায় দেড়শত মন ওল। চাহিদা বেড়ে যাওয়ায় এখন এক হাজার টাকা মন দরে ওলবীজ বিক্রি হচ্ছে।
জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ আকতারুজ্জামান জানান, মাটি সমতল, উর্বর ও শতভাগ সেচের আওতায় হওয়ায় এই জেলায় সবধরনের চাষ খুব ভাল হয়। এবার মাদ্রাজি ওল চাষ করে লাভবান হয়েছে চাষীরা। ফলন, মান ও দাম ভাল হওয়ায় চাষীরা খুবই খুশী ওল চাষ করে।

