সময় সংবাদ ডেস্ক//
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম কুদরত আলী (৪০)।মঙ্গলবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী পুরাসুন্ধা বাঁশ বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত কুদরত আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার। তার বিরুদ্ধে হবিগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। কুদরত আলী হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী পুরাসুন্ধা বাঁশ বাগান এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় কুদরত আলীসহ ১০/১২ জনের একদল ডাকাত পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে।আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে নিহত কুদরত আলীর পরিচয় নিশ্চিত করে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি রামদা, রডসহ ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জমাদি উদ্ধার করা হয়।
অন্যদিকে লক্ষ্মীপুরে ইলিয়াস (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দুই সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে।
নিহত ইলিয়াস উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের নুরুল আমিনের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গোলাগুলির আওয়াজ শুনে টহল পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

