![]() |
| চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে নেই আগের ভিড়, তেল পেতে লাইনে দাঁড়াতে হচ্ছে না |
মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে আগের মতো দীর্ঘ লাইন আর দেখা যাচ্ছে না। কয়েক দিন আগেও যেখানে তেল সংগ্রহ করতে গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, এখন সেখানে বেশিরভাগ পাম্পই প্রায় ফাঁকা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ষোলশহর, নতুন ব্রিজ, পাঁচলাইশ, অক্সিজেন, ওয়াসা ও গণি বেকারি এলাকার ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন নিতে গ্রাহকদের তেমন কোনো চাপ নেই।
বর্তমানে চালকেরা কোনো ভোগান্তি ছাড়াই সহজেই প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন। আগে তেলের সরবরাহ সীমিত থাকায় নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়া হতো। তবে এখন পর্যাপ্ত সরবরাহ থাকায় সেই সীমাবদ্ধতাও উঠে গেছে।
ফিলিং স্টেশনগুলোর কর্মচারীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক থাকায় এখন আর দীর্ঘ সারি তৈরি হচ্ছে না। অনেক পাম্পে কর্মরত শ্রমিকদের অবসর সময় কাটাতে দেখা গেছে।
এদিকে কিছু গ্রাহক অভিযোগ করেছেন, দাম বাড়ানোর আগে কৃত্রিম সংকট তৈরি করে ভোগান্তি সৃষ্টি করা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
গণি বেকারি এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালক মো. ইব্রাহীম বলেন, “কয়েক দিন আগেও তেল নিতে এক থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়াতে হতো। এখন খুব সহজেই তেল পাওয়া যাচ্ছে।”
একই পাম্পের কর্মচারী মো. আলমগীর জানান, দুই দিন আগেও তেলের জন্য উপচে পড়া ভিড় ছিল, যা এখন অনেকটাই কমে গেছে।
নগরীর ব্যস্ততম দামপাড়া এলাকার সিএমপি ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। যেখানে গত দেড় মাস ধরে দিন-রাত দীর্ঘ লাইন ছিল, সেখানে এখন কোনো ভিড় নেই।
মাত্র কয়েক দিনের ব্যবধানে ফিলিং স্টেশনগুলোর এমন পরিবর্তনে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, আগে মজুত করা তেল ব্যবহার করায় বর্তমানে চাপ কমে এসেছে।

