মেহের আমজাদ, মেহেরপুর:
ভারতে মুসলিম নির্যাতন,গণহত্যা,মসজিদে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গতকাল শুক্রবার বিকালে মেহেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি খাদেমুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর পৌরসভার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন’র সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সহকারী মহাসচিব আব্দুল কাদের। মুফতি মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক আবু বক্কর,জেলা মুজাহিদ কমিটির সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী,ইসলামী যুব আন্দোলন সদর থানার সভাপতি শামীম রেজা,গাংনী উপজেলা সভাপতি ফয়সাল আহমেদ,ছাত্র আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন,সাম্প্রদায়িক মোদির আগমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার জন্য হুমকি। ভারতের সাধারণ জনগণ ইতোমধ্যে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মোদীর বিরুদ্ধে গণ-আন্দোলন করছে। দিল্লি শাহীনবাগে গণ-আন্দোলন ঠেকাতে মোদি সরকার ও বিজেপি আরএসএস নির্বিচারে গণহত্যা, অগ্নিসংযোগ করে সেখানকার মুসলমান জনগোষ্ঠীকে উচ্ছেদের নীল-নকশা করছে। দিল্লির শাহীনবাগে প্রায় অর্ধশতাধিক মানুষ হত্যার শিকার হয়। ভারতজুড়ে কসাই মোদীর বিরুদ্ধে আন্দোলন চলছে, সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মোদির বাংলাদেশে আগমন বাংলাদেশের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সব মানুষ প্রত্যাখ্যান করেছে।

