জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের বেলতৈল বটতলা এলাকায় বালু ভর্তি ড্রাম ট্রাক, যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়ার ছেলে হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০), একই গ্রামের হাশেম আলীর ছেলে মাশরাফুল (৮), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেনু আক্তার (২৫) ও ঘাঘরাই গ্রামের জাকির হোসেন।
মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সখীপুর থেকে হাটুভাঙার দিকে ছেড়ে আসা মাটি ভর্তি দ্রæত গতির একটি ড্রাম ট্রাক সামনে থাকা যাত্রীবাহি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে সিএনজিকে চাপা দেয় এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিও ধুমড়ে-মুচরে যায়। এসময় সিএনজি উল্টে দুমড়ে-মুচরে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অপর ৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।
মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান বলেন, ‘ড্রাক ট্রাক জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

