দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৯০ জন করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন। মারা গেছেন ১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭২ জনে। মৃত্যুর সংখ্যা ১২০। যার ৭৩ শতাংশ ঢাকা বিভাগেই।
বুধবার রাজধানীর মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৫টি জেলায়ই করোনায় আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তের সংখ্যা ঢাকা সিটির মধ্যেই বেশি।
ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকা বিভাগের মধ্যে চারটি জেলায় যেমন নারায়ণগঞ্জের মোট আক্রান্ত ব্যক্তি ৪৯৯ জন। যার মধ্যে সিটি কর্পোরেশনেই আছেন ৩৬৪ জন। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১৬ জন। কোয়ারেন্টাইনে থাকা ৬৮১ জনের মধ্যে ৫৮৮ জন কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন। বাকি ৮৩ জন এখনো কোয়ারেন্টাইনে।
‘নারায়ণগঞ্জের পরে পরবর্তী জেলা হলো গাজীপুর। তারপরে কিশোরগঞ্জ এবং নরসিংদী। অর্থাৎ সারাদেশে মোট আক্রান্তের মধ্যে ৭৩ শতাংশ রোগী ঢাকা বিভাগের মধ্য। এর প্রায় অর্ধেক ঢাকা সিটিতে।
গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছেন তাদের বয়স উল্লেখ্য করে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো বলেন, মৃতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী। বয়সের বিবেচনায় ৬০ এর উপরে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে তিনজন ও ২১ থেকে ৩০ এর মধ্যে দুইজন।
এছাড়া গত ২৪ ঘন্টায় আইসলেশনে নেয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসলেশনের আছেন ৯০০ জন।
সময়/দেশ/রাজ

