সময় সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে স্বামীর সঙ্গে অভিমান করে সংসারের মায়া ত্যাগ করে ফাঁস দিয়েছেন স্ত্রী। তাকে প্ররোচনা দেওয়ার মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ফতুল্লা থানার শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে লাশ উদ্ধার ও নিহতের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত সোনিয়া আক্তার বরগুনার আমতলী থানার দক্ষিণ টেপুরা গ্রামের সোহরাব শিকদারের মেয়ে। গ্রেফতারকৃত রিমন চৌকিদার পটুয়াখালীর কলাপাড়া থানার চালিতাবুনিয়া গ্রামের আজিজ চৌকিদারের ছেলে।
নিহতের খালু মো. আনোয়ার হোসেন সোহাগ জানান, চার বছর আগে রিমন চৌকিদারের সঙ্গে বিয়ে হয় সোনিয়া আক্তারের। বিয়ের পর থেকেই তারা ফতুল্লায় বসবাস করছিলেন এবং স্থানীয় গার্মেন্টসে কাজ করতেন। সাত মাস ধরে নিজ কর্মস্থলের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রিমন। এ নিয়ে সোনিয়ার সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো।
তিনি আরো জানান, পরকীয়ার জেরে দুই মাস আগে সোনিয়াকে হত্যার উদ্দেশ্যে শরীরে আগুন ধরিয়ে দেন রিমন। বিষয়টি নিয়ে স্থানীয় ও পারিবারিকভাবে শালিস হয়। মঙ্গলবার রাতেও একই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রিমন ঘুমানোর পর সোনিয়া ফ্যানের সঙ্গে ওড়ানা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে রিমন চৌকিদারের বিরুদ্ধে মামলা হয়েছে। রিমনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

