সময় সংবাদ ডেস্ক//
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে করা রিটের শুনানি করতে অপারগতা জানিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা জানান।এরপর হাইকোর্টের আরো দু’টি বেঞ্চে রিট আবেদনটি নিয়ে গেলে শুনতে অপারগতা জানান আদালত।
দু’টি বেঞ্চ বলেছেন, ‘প্রধানমন্ত্রী আবরার হত্যাকাণ্ড দেখছেন। অপেক্ষা করুন। দেখুন কি হয়। না হলে পরে আসবেন।’
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফয়েজ।
এর আগে রোববার (১৩ অক্টোবর) আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
একইসঙ্গে ওই ঘটনা বিচারিক কমিটি দিয়ে তদন্তের নির্দেশনা ও তার পরিবারের নিরপাত্তা নিশ্চিতে নির্দেশনা জারির আর্জি জানানো হয়।
জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী শাহীন বাবু। তার আইনজীবী সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট একেএম ফয়েজ।

