চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর মরাপাগলার শেখ হাসিনা সেতু সংলগ্ন খাস জমির উপর অবৈধভাবে নির্মিত ইটভাটা টাইগার ব্রিকস ও নিউ ষ্টার-২ এ অভিযান চালিয়ে সেগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এসময় আশেপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, সরকারি জায়গার উপর লাইসেন্সবিহীন ইটভাটা ও আশেপাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে স্থাপনাগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।

