নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাসের আরো এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা চট্টগ্রামে পৌঁছেছে। এর মধ্যে চীনের তৈরি সিনোফার্মের এক লাখ ২৩ হাজার ৬০০ ও যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ৩০ হাজার ২০০ ডোজ টিকা রয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে আরো এক চালান টিকা পেল চট্টগ্রামবাসী।
শনিবার ভোরে টিকার চালানটি চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এসব টিকা গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা পেয়েছি। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে কেন্দ্রগুলোতে পাঠানো হবে।
এর আগে, ৩১ জানুয়ারি প্রথম দফায় অ্যাস্ট্রাজেনেকার চার লাখ ৫৬ হাজার, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় তিন লাখ ছয় হাজার, ১৮ জুন সিনোফার্মের ৯১ হাজার ২০০, ১১ জুলাই মডার্না ও সিনোফার্মের এক লাখ ৮৪ হাজার, ২৮ জুলাই এক লাখ ৮৫ হাজার ২০০, ৬ আগস্ট সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার তিন লাখ নয় হাজার ২০০ এবং ১৪ আগস্ট সিনোফার্ম ও মডার্নার তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা চট্টগ্রামে আসে।

