![]() |
| ব্যক্তিগত খরচে লন্ডন সফরে চসিক মেয়র শাহাদাত, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের লন্ডন সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ কেউ দাবি করছেন, তিনি সরকারি অর্থে বিদেশ সফরে গেছেন এবং চট্টগ্রামের প্রশাসনিক দায়িত্ব কাউকে না দিয়েই সফরে বেরিয়েছেন।
তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার (৯ নভেম্বর) রাতে লন্ডন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে জানান, তার পুরো সফরের খরচ তিনি নিজস্ব অর্থায়নে বহন করছেন।
“এই সফরে সরকার, চট্টগ্রাম সিটি করপোরেশন, ঠিকাদার বা কোনো তৃতীয় পক্ষের অর্থ ব্যবহার করা হচ্ছে না,” — বলেন মেয়র।
তিনি আরও জানান, সফরের সময় করপোরেশনের প্রশাসনিক দায়িত্ব সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের হাতে অর্পণ করা হয়েছে।
মেয়র বলেন, “শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে চসিকের অফিসিয়াল গাড়ি বা জ্বালানি ব্যবহার করি না। ব্যক্তিগত গাড়ি ও জ্বালানি ব্যবহার করেই দায়িত্ব পালন করি।”
এসময় তিনি নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং গুজব বা ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাত সাড়ে ৮টায় ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরদিন শনিবার (৮ নভেম্বর) সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।

