
বোয়ালমারীতে কবি নাজমুল হক নজীবের প্রয়াণবার্ষিকীতে আলোচনা সভা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে কবি নাজমুল হক নজীবের ১১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় বোয়ালমারী জি. কে. কিন্ডারগার্টেন চত্বরে জীবন চর্চা কেন্দ্রের উদ্যোগে ‘নাজমুল হক নজীব: জীবন ও কবিতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কবি সখিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জীবন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন।
অনুষ্ঠানে কবি নাজমুল হক নজীবের জীবন, সাহিত্যচর্চা ও কবিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা কে. এম. জহুরুল হক, কবি কাজী মসিউর রহমান কচি, কবিবন্ধু শেখ আফছারউদ্দিন, কবি ও সম্পাদক আনোয়ারুজ্জামান ঝন্টু, বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, সাপ্তাহিক চন্দনার সম্পাদক কবি কাজী হাসান ফিরোজ, সহযোগী অধ্যাপক রবীন কুমার লস্কর, কবি সাজ্জাদুর রহমান, অ্যাডভোকেট কুরবান আলী, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কবি ও শিক্ষক আ. গফ্ফার শেখ, সাংবাদিক মনিরুজ্জামান ও আমীর চারু বাবলুসহ স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
কবি পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন কবির সন্তান সাইফুল্লাহ নজীব মামুন এবং ছোট ভাই এনামুল হক রুবেল। তাঁরা কবির জীবন, ব্যক্তিত্ব ও স্মৃতিবিজড়িত নানা বিষয় তুলে ধরেন।
এ ছাড়া অনুষ্ঠানে কবির লেখা কবিতা থেকে আবৃত্তি করেন সাংস্কৃতিককর্মী শরীফ শাহিনুর আলম, ইকবাল আজিজ মীমার্সি ও জাহিদুল হক পল্লব।
আলোচনা সভায় বক্তারা কবি নাজমুল হক নজীবের সাহিত্যকর্ম ও সৃষ্টিশীল অবদান স্মরণ করেন এবং তাঁর জীবন ও কবিতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
