![]() |
| বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হলো রাস উৎসব |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। সূর্যোদয়ের আগে থেকেই পুণ্যস্নান ও ধর্মীয় আচার পালনে সৈকতে জড়ো হন শত শত নারী-পুরুষ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ব্রহ্মমুহূর্তে পুণ্যার্থীরা সূর্যদেবকে প্রণাম ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে অংশ নেন। পুণ্যলাভের আশায় এবং প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনায় সৈকতে প্রার্থনা করেন তাঁরা। এ সময় মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন পুণ্যার্থীরা।
সোমবার রাতে তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের রাস উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। উৎসব উপলক্ষে বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটে। তাঁদের উপস্থিতিতে দীর্ঘ সৈকতজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
রাস উৎসব উপলক্ষে সৈকতে রাসমেলার আয়োজন করা হয়। এতে ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা ছিল। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও উৎসব উপভোগ করতে সেখানে উপস্থিত হন। ফলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের রাস উৎসব ধীরে ধীরে সর্বজনীন লোকজ উৎসবে পরিণত হয়েছে।
এর আগে রাস উৎসব উপলক্ষে তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবারও শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পুণ্যস্নানে অংশ নিতে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসবটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

