আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোয়ালমারী একাডেমির জয় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোয়ালমারী একাডেমির জয়

 

আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোয়ালমারী একাডেমির জয়
আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোয়ালমারী একাডেমির জয়

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ডা. মোহাম্মদ শাহ্ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মাগুরার মোহাম্মদপুর উপজেলার শিরগ্রাম ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালমারী ফুটবল একাডেমি।


শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।


ফাইনালে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। তবে শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোয়ালমারী ফুটবল একাডেমি। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি।


খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন বোয়ালমারী ফুটবল একাডেমিকে একটি ফ্রিজ ও ট্রফি এবং রানার্সআপ শিরগ্রাম ফুটবল একাদশকে একটি এলইডি টেলিভিশন ও ট্রফি দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ্ আলম। তিনি এ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. মাযহারুল আনোয়ার, বুড়াইচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম খান এবং সৌদি প্রবাসী ফরিদ খান। খেলায় ধারাভাষ্য দেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহিদুল হক।


টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে সহযোগিতা করেন আশিকুর রহমান, এরশাদ আহমেদ, মো. কুতুবউদ্দিনসহ স্থানীয় যুবসমাজের সদস্যরা।


ফাইনাল খেলাকে ঘিরে মাঠের চারপাশে হাজারো দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের এমন উদ্যোগে স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। আধুনিক বিনোদনের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে ফুটবল খেলার প্রতি মানুষের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।



Post Top Ad

Responsive Ads Here