টেন্ডার জালিয়াতির তদন্তে ধীরগতি, ১৫ কর্মদিবসেও প্রতিবেদন দেয়নি রেলওয়ে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

টেন্ডার জালিয়াতির তদন্তে ধীরগতি, ১৫ কর্মদিবসেও প্রতিবেদন দেয়নি রেলওয়ে

 

টেন্ডার জালিয়াতির তদন্তে ধীরগতি, ১৫ কর্মদিবসেও প্রতিবেদন দেয়নি রেলওয়ে
টেন্ডার জালিয়াতির তদন্তে ধীরগতি, ১৫ কর্মদিবসেও প্রতিবেদন দেয়নি রেলওয়ে



৬৫ লাখ টাকার বেডিং ধোলাইয়ের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের সময়সীমা নিয়েও কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা


মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:

রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেনের প্রথম শ্রেণির কোচের বেডিং ধোলাই ও ইস্ত্রির কাজের দরপত্রে জালিয়াতির অভিযোগ তদন্তে অগ্রগতি নেই। প্রায় ৬৫ লাখ টাকার এই কাজের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তার (সিসিএম) দপ্তরে প্রতিবেদন জমা পড়েনি।


তদন্ত শুরুর সময় নিয়েও রেলওয়ের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। এক পক্ষের দাবি, অভিযোগ পাওয়ার পর গত ২৮ অক্টোবর তদন্তের নির্দেশ দেওয়া হয়। অন্য পক্ষ বলছে, তদন্তের সময়সীমা গণনা শুরু হয়েছে ৩ নভেম্বর থেকে। তবে দুই হিসাবেই নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


অভিযোগকারীর দাবি, একটি প্রভাবশালী মহল তদন্ত প্রতিবেদন আটকে রাখতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছে। অভিযোগ করার পর তাঁকে এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানকে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।


গত বুধবার (২৫ নভেম্বর) তদন্তের অগ্রগতি জানতে চট্টগ্রাম রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন অভিযোগকারী। এ সময় মহাব্যবস্থাপক খুদে বার্তায় তাঁকে লেখেন, ‘তদন্ত চলমান। আপনারটাও।’


অভিযোগকারী প্রতিষ্ঠান প্রসিদ্ধ মদিনা শালকরের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন বলেন, তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ জানতে চাওয়ার পর মহাব্যবস্থাপক তাঁকে ওই বার্তা পাঠান। তাঁর দাবি, টেন্ডার জালিয়াতির অভিযোগ তোলার পর থেকে তাঁর বৈধ ব্যবসাপ্রতিষ্ঠানকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।


মোশাররফ হোসেনের ভাষ্য, ২০ থেকে ২৫ বছর ধরে ব্যক্তিমালিকানাধীন জমিতে তাঁদের প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। পাশাপাশি গত ১০ বছর ধরে রেলওয়ের কাপড় ধোলাইয়ের কাজও করছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে জমির খতিয়ানসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ব্যবসা পরিচালনা করার পর হঠাৎ তাঁদের প্রতিষ্ঠানকে রেলওয়ের জমিতে অবৈধভাবে পরিচালিত বলে দেখানো হচ্ছে। জমির মালিকানা নিয়ে প্রশ্ন থাকলে ভাড়াটিয়াকে নোটিশ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


তদন্ত কমিটির একজন সদস্য জানান, তাঁদের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মাইনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এত দিনেও কেন প্রতিবেদন জমা দেওয়া হয়নি, তা জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কৈফিয়ত চাওয়া হবে।


যেভাবে দরপত্রে অনিয়মের অভিযোগ:

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক দপ্তর ট্রেনের প্রথম শ্রেণির কোচের বেডিং ধোলাই ও ইস্ত্রির কাজের জন্য দরপত্র আহ্বান করে। গত ২ জুলাই দরপত্র খোলার পর অংশ নেওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়ে।


অবশিষ্ট দুটি প্রতিষ্ঠানের মধ্যে প্রসিদ্ধ মদিনা শালকর ৬২ লাখ ৪৯ হাজার টাকা এবং এ আর কনস্ট্রাকশন ৬৫ লাখ ৩৪ হাজার টাকা দর প্রস্তাব করে। অভিযোগ অনুযায়ী, সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও এসএলটি পদ্ধতির দোহাই দিয়ে প্রসিদ্ধ মদিনা শালকরকে বাদ দেওয়া হয়। পরে প্রায় তিন লাখ টাকা বেশি দরে এ আর কনস্ট্রাকশনকে কাজ দেওয়া হয়।


দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর তথ্য সরেজমিন যাচাই করে প্রতিবেদন দেওয়ার দায়িত্বে ছিলেন রেলওয়ের বাণিজ্যিক দপ্তরের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর (জেটিআই) এনামুল হক শিকদার।


গত ২৭ সেপ্টেম্বর দরপত্রে জালিয়াতির অভিযোগ তুলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ করেন প্রসিদ্ধ মদিনা শালকরের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন।


ঠিকানা এক প্রতিষ্ঠানের, কার্যক্রম অন্য প্রতিষ্ঠানে?

অভিযোগের সূত্র ধরে সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, দরপত্র পাওয়া এ আর কনস্ট্রাকশনের ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে পশ্চিম মাদারবাড়ি, যুগিচাঁদ মসজিদ লেন, ২ নম্বর গলি। তবে ওই ঠিকানায় ‘ফ্রেশ ওয়াশ সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিষ্ণু পাল আকাশ। তিনি জানান, জায়গার মালিক কে এম মামুন রাজার কাছ থেকে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করছেন।


সংশ্লিষ্ট সূত্রের দাবি, চট্টগ্রাম স্টেশন কলোনির মিঠুন নামের এক ব্যক্তি প্রায় দুই মাস আগে ফ্রেশ ওয়াশ সেন্টারে চাকরি নেন। পরে ধোলাইয়ের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে আড়াই লাখ টাকা নেন তিনি। এরপর ফ্রেশ ওয়াশ সেন্টারের ঠিকানা ব্যবহার করে এ আর কনস্ট্রাকশনের নামে জাল চুক্তিনামা তৈরি এবং প্রয়োজনীয় কাগজপত্র জাল করে দরপত্রে অংশ নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।


স্থানীয় সূত্রের দাবি, মিঠুন ‘ভাই ভাই শালকর’ নামে আরেকটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। চট্টগ্রাম স্টেশন কলোনির আইস ফ্যাক্টরি রোডে পুলিশ ব্যারাকের পেছনে রেলওয়ের জায়গায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চলে। অভিযোগ রয়েছে, এ আর কনস্ট্রাকশনের নামে কার্যাদেশ নেওয়া হলেও মূলত ভাই ভাই শালকরেই বেডিং ধোলাই ও ইস্ত্রির কাজ করা হচ্ছে।


এ ছাড়া শাহ আমানত ও জান্নাত ট্রেডিং নামের দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহীদ ওরফে কানা শহীদের বিরুদ্ধেও এ আর কনস্ট্রাকশনের নামে জাল কাগজপত্র ব্যবহার করে কাজ নেওয়ার অভিযোগ উঠেছে।


সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ আর কনস্ট্রাকশন পাবনা থেকে ফাতেমা বেগম নামের এক নারীর নামে নিবন্ধিত। তবে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম থেকে শহীদ নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।


তদন্ত কর্মকর্তার বদলি ঘিরে নতুন প্রশ্ন:

দরপত্রে জালিয়াতির অভিযোগ সামনে আসার পর প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাইয়ের দায়িত্বে থাকা এনামুল হক শিকদারকে জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর (টি) হিসেবে লাকসামে বদলি করা হয়। তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে মো. মহিউদ্দিন পাটোয়ারীকে। তবে বদলির আদেশে এনামুল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পোর্ট-চট্টগ্রামেও দায়িত্ব পালনের কথা উল্লেখ করা হয়েছে।


এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও ‘ভাই ভাই লন্ড্রি’ নামের একটি প্রতিষ্ঠানের ধোলাইয়ের কার্যাদেশ বাতিল করেছিল বিভাগীয় বাণিজ্যিক দপ্তর। অভিযোগ ছিল, নিজস্ব কারখানায় কাজ করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি রেলওয়ের জায়গা দখল করে সেখানে ধোলাইয়ের কার্যক্রম পরিচালনা করছিল।


একই ধরনের অভিযোগের পুনরাবৃত্তি এবং বর্তমান দরপত্রের তদন্তে বিলম্বের ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন তদন্ত প্রতিবেদন কবে জমা পড়ে এবং অভিযোগগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।



Post Top Ad

Responsive Ads Here