মিথ্যা সব পাপের উৎস, মিথ্যাবাদীকে আল্লাহ ঘৃণা করেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মিথ্যা সব পাপের উৎস, মিথ্যাবাদীকে আল্লাহ ঘৃণা করেন

 

মিথ্যা সব পাপের উৎস, মিথ্যাবাদীকে আল্লাহ ঘৃণা করেন
মিথ্যা সব পাপের উৎস, মিথ্যাবাদীকে আল্লাহ ঘৃণা করেন

হাফিজ মাছুম আহমদ দুধরচকী:

মিথ্যা মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে অশান্তি ও অবিশ্বাসের অন্যতম কারণ। একটি মিথ্যা আড়াল করতে গিয়ে মানুষকে অনেক সময় আরও অসংখ্য মিথ্যার আশ্রয় নিতে হয়। 


এভাবেই ছোট একটি অসত্য কথা ধীরে ধীরে মানুষকে পাপের পথে ঠেলে দেয়। তাই মিথ্যাকে সব পাপের জননী বলা হয়। ইসলামে মিথ্যা বলা গুরুতর অপরাধ এবং একজন মুমিনের জন্য এটি সম্পূর্ণ বর্জনীয়।


মিথ্যা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নিন্দনীয় নয়; বরং সব ধর্ম ও মতের মানুষই মিথ্যাকে ঘৃণা করে। এমনকি যারা নিজেরা মিথ্যা বলে, তারাও অন্যের কাছ থেকে সত্য কথা প্রত্যাশা করে। কারণ কেউই প্রতারণা ও অবিশ্বাসের শিকার হতে চায় না।


দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে মিথ্যা বলার প্রবণতা দিন দিন বাড়ছে। অনেকেই কথায় কথায় এমন সব সাধারণ বিষয়ে মিথ্যা বলেন, যা তাঁদের কাছে কোনো অপরাধ বলেই মনে হয় না। একসময় মিথ্যা বলতে বলতে মানুষ এমন অভ্যস্ত হয়ে পড়ে যে, কখন সত্য বলছে আর কখন মিথ্যা বলছে, সেই বোধও হারিয়ে ফেলে।


এর নেতিবাচক প্রভাব পড়ছে ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। আমরা সন্তানদের মিথ্যা বলতে নিষেধ করি, মিথ্যাকে মহাপাপ বলে শিক্ষা দিই। কিন্তু নিজেরাই যদি মিথ্যা বলা থেকে বিরত না থাকি, তাহলে শিশুরা আমাদের কথার চেয়ে কাজ থেকেই বেশি শিক্ষা নেবে। ফলে পরিবার থেকেই তাদের মধ্যে অসত্য বলার অভ্যাস তৈরি হতে পারে।


প্রযুক্তির যুগে মিথ্যার বিস্তার:

তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মিথ্যা বলার নানা কৌশলও সহজ হয়েছে। বিশেষ করে মোবাইল ফোন, কল ও খুদে বার্তার মাধ্যমে মানুষ অনায়াসে মিথ্যা তথ্য দিচ্ছে। কেউ ঘরে থেকেও বলছে বাইরে আছে, আবার কেউ কর্মস্থলে না থেকেও অফিসে থাকার কথা জানাচ্ছে। ধর্মীয় বিষয়েও মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার ঘটনা ঘটছে।


মিথ্যা যখন মানুষের অভ্যাসে পরিণত হয়, তখন তা আর শুধু ব্যক্তিগত অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না; পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও এর ক্ষতিকর প্রভাব পড়ে। মিথ্যার মাধ্যমে মানুষের মধ্যে সন্দেহ, অবিশ্বাস, বিদ্বেষ ও বিভেদ সৃষ্টি হয়। হিংসা, শত্রুতা কিংবা কাউকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা বলাও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর।


অথচ সত্য বলার অভ্যাস গড়ে তুলতে পারলে জীবনের অনেক জটিলতা ও সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। সত্য মানুষকে নৈতিকভাবে দৃঢ় করে, অন্যের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে এবং পরকালের জবাবদিহির জন্য প্রস্তুত হতে সাহায্য করে।


মিথ্যা সম্পর্কে কোরআন ও হাদিসের সতর্কবার্তা:

পবিত্র কোরআনে মহান আল্লাহ মানুষকে জ্ঞান ও প্রমাণ ছাড়া কোনো বিষয়ে অনুসরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার অনুসরণ করো না।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩৬)।


মিথ্যা বলার ভয়াবহতা সম্পর্কে হাদিসেও কঠোর সতর্কবার্তা এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যখন মিথ্যা কথা বলে, তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদী থেকে এক মাইল দূরে চলে যায়।’ (তিরমিজি: ১৯৭২)।


মিথ্যা শুধু মুখে বলা অসত্য কথার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যাচাই না করে অন্যের কথা প্রচার করাও মিথ্যার অন্তর্ভুক্ত হতে পারে। আমাদের সমাজে প্রচলিত ‘চিলে কান নিয়ে গেছে’ প্রবাদটির মতো অনেক সময় মানুষ কোনো কথা শুনেই সত্যতা যাচাই না করে তা অন্যের কাছে ছড়িয়ে দেয়।


এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তা-ই বলে বেড়ায়।’ (সহিহ মুসলিম: ৫)।


অর্থাৎ কোনো সংবাদ বা বক্তব্য শোনার পর তা সত্য কি না যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


সত্যবাদিতা জান্নাতের পথ দেখায়:

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই সত্যবাদিতা নেকির দিকে পরিচালিত করে, আর নেকি জান্নাতের দিকে পরিচালিত করে। কোনো ব্যক্তি সর্বদা সত্য বলতে থাকলে এবং সত্যের অনুসন্ধান করতে থাকলে অবশেষে আল্লাহর কাছে তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর মিথ্যা পাপাচারের দিকে পরিচালিত করে এবং পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বলতে থাকলে অবশেষে আল্লাহর কাছে তাকে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়।’ (সহিহ বুখারি: ৬০৯৪; সহিহ মুসলিম: ২৬০৭)।


এ হাদিস থেকে স্পষ্ট হয়, সত্যবাদিতা শুধু একটি ভালো গুণ নয়; বরং এটি জান্নাতের পথে চলার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অন্যদিকে মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে এবং পরিণামে জাহান্নামের পথ তৈরি করে।


মিথ্যা মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য:

পবিত্র কোরআনে মুনাফিকদের চরিত্র ও মিথ্যা বলার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। সুরা তওবার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘সুতরাং তিনি তাদের অন্তরে নিফাক (কপটতা) স্থায়ী করে দিলেন, সেদিন পর্যন্ত যেদিন তারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। কারণ তারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছিল এবং তারা মিথ্যা বলত।’


এ ছাড়া সুরা বাকারার ১০ থেকে ১২ নম্বর আয়াতে মুনাফিকদের অন্তরের রোগ, তাদের মিথ্যাচার এবং পৃথিবীতে অনাচার সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি; আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।


মিথ্যাবাদীরা দুনিয়ায় সাময়িকভাবে কোনো সুবিধা পেলেও শেষ পর্যন্ত মানুষের কাছে বিশ্বাস ও সম্মান হারায়। অন্যদিকে সত্যবাদীদের চলার পথ অনেক সময় কঠিন হলেও সততা তাঁদের সম্মানিত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে।


তাই আসুন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্র—সব জায়গায় মিথ্যা পরিহার করি। কোনো কথা বলার আগে তার সত্যতা যাচাই করি এবং অন্যের কথা প্রচারের ক্ষেত্রেও সতর্ক থাকি। সন্তানদের শুধু মুখে সত্য বলার শিক্ষা না দিয়ে নিজেরাও সত্যবাদিতার চর্চা করি।


মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা ও সব ধরনের প্রতারণা থেকে বেঁচে থাকার এবং সত্যের পথে অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।



Post Top Ad

Responsive Ads Here