হাফিজুর রহমান.নিজস্ব প্রতিনিধি-টাঙ্গাইলে বালু উত্তোলনের মেশিন চালু করতে গিয়ে ড্রেজার মেশিনের হাতলের আঘাতে পানিতে ডুবে ফজলু মিয়া (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মির্জাপুর উপজেলার বংশাই নদীর যোগীরকোফা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলু বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বংশাই নদীর ওই স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে যোগীরকোফা গ্রামের রমেজ আলীর ছেলে ঈমান আলী বালু উত্তোলন করে আসছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ড্রেজার চালক ফজলু মেশিনের ইঞ্জিন চালু করতে গেলে হাতলের আঘাতে আহত হয়ে ছিটকে পানিতে পড়ে ডুবে যায়।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল এসে বিকেল সাড়ে চারটার দিকে নদী থেকে ফজলুর মরদেহ উদ্ধার করেন তারা। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক জানান, বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

